৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রার্থীদের একাংশ। শনিবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সময়সীমা বেঁধে দেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেছেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় পিএসসি ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছিল। সেই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশের ২৫ নভেম্বরের সময়সীমা পেরিয়ে গেছে, অথচ ফল এখনো প্রকাশ হয়নি।
প্রার্থীদের অভিযোগ, এই বিলম্বের বিষয়ে পিএসসি এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তারা রোডম্যাপ অনুযায়ী ফল প্রকাশ না হওয়ার সুস্পষ্ট কারণ জানতে চেয়েছেন এবং কমিশনের প্রতিশ্রুতি পূরণে জবাবদিহি দাবি করেছেন। একই সঙ্গে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ফল আটকে থাকার খবর নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
তাদের যুক্তি, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের পরও ‘রিপিট ক্যাডার’ জটিলতা পুরোপুরি মিটবে না, কারণ ৪৭তম বিসিএসের কোনো কোনো প্রার্থী পরবর্তীতে ৫০তম বিসিএসেও সুপারিশ পেতে পারেন। এই জটিলতা এড়াতে তারা সম্পূরক গেজেট প্রকাশসহ বিকল্প ব্যবস্থায় ফল প্রকাশের পরামর্শ দিয়েছেন।
প্রার্থীরা জানান, ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি, লিখিত পরীক্ষা শুরু হয় ৯ এপ্রিল, লিখিতের ফল আসে ২৩ জুলাই এবং মৌখিক পরীক্ষা শেষ হয় ৩০ সেপ্টেম্বর। আগের বিসিএসগুলোতে মৌখিক পরীক্ষা শেষের ৬ থেকে ১৩ দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের নজির থাকায় তারা দুই সপ্তাহের মধ্যে ফল আশা করেছিলেন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৫৫টি ক্যাডার পদে নিয়োগের কথা রয়েছে; ফল বিলম্বিত হলে নিয়োগপ্রক্রিয়া পিছিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেছেন।








