রোববার (২৫ অক্টোবর) রাতে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১০ কিলোমিটার বা ৬৮.৩৫ মাইল। শুরুতে সংস্থাটি কম্পনের মাত্রা ৫.৮ বলে ধারণা দিলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে।
আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে।
একই সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুই দেশের কোথাও তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।








