দেশের গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন ছড়িয়ে দিতে প্রায় নয় লাখ পরিবারকে ঋণ সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই সহায়তায় ওই পরিবারগুলোতে নিরাপদভাবে ব্যবস্থাপিত টুইন-পিট টয়লেট নির্মাণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। একই কার্যক্রমের আওতায় প্রায় দেড় লাখ গ্রামীণ পরিবারে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) গাজীপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। এর আগে ২৭ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। সে সময় প্রকল্পের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ও প্রকল্পটির সমন্বয়কারী মো. আবদুল মতীন।
এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায়। পিকেএসএফের প্রকল্প তথ্য অনুযায়ী, সরকার, বিশ্বব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) যৌথ অর্থায়নের এই প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পিকেএসএফ যৌথভাবে বাস্তবায়ন করছে। আট বিভাগের ৩০ জেলার ১৮২টি উপজেলায় ৮৯টি সহযোগী সংস্থার মাধ্যমে প্রকল্পটি চলছে এবং গৃহস্থালি পর্যায়ে টুইন-পিট টয়লেট নির্মাণে সহায়তার লক্ষ্য ধরা হয়েছে ১০ লাখ পরিবার।
কর্মশালায় পিকেএসএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন। সংস্থাটি জানিয়েছে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ অনুযায়ী সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।








