জর্ডানের সর্বোচ্চ আপিল আদালত কোর্ট অব ক্যাসেশন রোববার গির্জায় হামলার ঘটনায় দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাতে রয়টার্স জানিয়েছে। চলতি মাসের শুরুতে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের এই রায় এখন চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আর আপিলের সুযোগ নেই বলেও পেত্রা জানিয়েছে। একই দিন আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হওয়ায় ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
গত ২৩ অক্টোবর রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামে সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীরা গুলি চালায়। রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন নিহত ও ৩৪ জন আহত হন। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর রোববার জানিয়েছে, আহত এক ব্যক্তি তাঁর আঘাতের কারণে মারা গেছেন। দেশটির খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা বিরল ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত চারটি অধিবেশনের পর চলতি মাসের শুরুতে তিন আসামিকে সন্ত্রাসের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হত্যা, সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য অস্ত্র রাখা, সন্ত্রাসের ষড়যন্ত্র ও চরমপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। পেত্রার বরাতে পত্রিকাটি আরও জানিয়েছে, একই মামলার আরও দুই আসামির ছয় বছর ও তিন বছরের কারাদণ্ডও সর্বোচ্চ আদালত বহাল রেখেছে।
আরব নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা দুই জর্ডানি ভাই ও বৈবাহিক সূত্রে তাঁদের এক আত্মীয় এবং তাঁরা কট্টর ইসলামপন্থী মতাদর্শের অনুসারী। দ্য ন্যাশনাল জানিয়েছে, নিহত ১০ জনই পুরুষ এবং তাঁদের অধিকাংশই বিশিষ্ট জর্ডানি খ্রিস্টান হালাসা গোত্রের সদস্য। প্রায় ১ কোটি ১০ লাখ জনসংখ্যার জর্ডানে খ্রিস্টানদের সংখ্যা আনুমানিক ২ লাখ ৫০ হাজার এবং ১৯৫০-এর দশকের পর এটাই দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সবচেয়ে বড় হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হামলার পর জর্ডান জানিয়েছিল, গত ২৭ অক্টোবর সিরিয়ায় হামলা চালিয়ে তাদের সশস্ত্র বাহিনী অন্তত ২০ জন আইএস সদস্যকে হত্যা করেছে, যাদের তারা ওই গির্জা হামলার সঙ্গে যুক্ত বলে মনে করে। তবে সিরিয়ার কর্তৃপক্ষ তিন শিশু, এক নারী ও এক প্রবীণসহ সাতজন নিহত হওয়ার কথা জানিয়েছিল এবং ওই হামলায় জর্ডানের সঙ্গে সমন্বয়ের দাবি অস্বীকার করেছিল বলে দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।








