বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।
শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকার পাশ থেকে বাইকটি পাওয়া যায়। পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই এটি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফেরই কি না, তা নিশ্চিত হতে ফরেনসিকসহ যাবতীয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক পরিচিতের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে তদন্তকারী দল।
পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এবং মামলার পরবর্তী পদক্ষেপের জন্য এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। বর্তমানে দীপের দেওয়া বক্তব্য ও অন্যান্য তথ্যের সত্যতা যাচাই করছে তদন্ত সংস্থা।








