গ্র্যাজুয়েটদের দক্ষতা বাড়াতে ৫ বছরের মহাপরিকল্পনা ইউজিসির

Published: November 9, 2026, 12:05 pm

গ্র্যাজুয়েটদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী করে তোলার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনার আওতায় তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ ও পিএইচডি অর্জনের সুযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষণার যোগসূত্র আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে তিনি জানান, বর্তমানে দেশের ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। অনেক গ্র্যাজুয়েটই বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ না হওয়ায় কাক্সিক্ষত চাকরি পাচ্ছেন না।

ইউজিসির পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ নেওয়া হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এ প্রক্রিয়ায় যুক্ত করা হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে টিকে থাকতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দপ্তর ও সংশ্লিষ্ট কেন্দ্র স্থাপন করারও লক্ষ্য রয়েছে। শিক্ষার্থীদের কর্মমুখী করতে পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে বাধ্যতামূলক ইন্টার্নশিপের আওতায় আনা হবে। তিন থেকে ছয় মাসের এই ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলমান রয়েছে।

শিক্ষকদের মানোন্নয়নে হিট প্রকল্পের অধীনে প্রশিক্ষণের পাশাপাশি আগামী পাঁচ বছরে দুই হাজার শিক্ষককে পিএইচডি করার সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশে কর্মরত মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত করতে এক বছরের ফেলোশিপসহ বিশেষ একাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালু করা হবে। গবেষণার ক্ষেত্রে বাস্তবমুখী সমস্যার সমাধানকে অর্থায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে সমন্বয় বাড়াতে শিগগিরই একটি সভা ডাকা হবে।

অধ্যাপক মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজেদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান পরামর্শ দেন যে, শিল্পপ্রতিষ্ঠানের গবেষণার অর্থ প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ দেওয়া যেতে পারে। এতে একদিকে যেমন শিল্পের সমস্যা সমাধান হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার সক্ষমতাও বৃদ্ধি পাবে। এছাড়া উপস্থিত উপাচার্যরা অভিন্ন গ্রেডিং পদ্ধতি, সেমিস্টার নির্দেশিকা, ওবিই কারিকুলাম বাস্তবায়ন এবং শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইউজিসির সহযোগিতা চেয়েছেন।