রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বস্তু দুটি উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কারণে মন্ত্রীসহ বিমানবন্দরে থাকা যাত্রীদের পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হয়।
পরে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন বলে পুলিশ জানিয়েছে। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিন ফুট গভীর গর্ত করে বালু দিয়ে ঢেকে গ্রেনেড দুটি ধ্বংস করা হয়।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াককে উদ্ধৃত করে সমকাল জানিয়েছে, বস্তু দুটি ছিল ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড, যা বিস্ফোরণে ধাতব টুকরো ছড়িয়ে দেয়। প্রাথমিকভাবে সেগুলো মিয়ানমারে তৈরি বলে ধারণা করা হচ্ছে, তবে পুরোনো হওয়ায় গায়ের লেখা মুছে গেছে বলে তিনি জানিয়েছেন।
কারা, কী উদ্দেশ্যে গ্রেনেড দুটি বিমানবন্দরের প্রধান ফটকের পাশে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।








