খুলনায় অন্য এক তরুণীর সঙ্গে কথা বলা ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে ১৯ বছর বয়সী এক তরুণের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁরই সহপাঠীর বিরুদ্ধে। নগরের খালিশপুর এলাকায় গত সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণীর বয়সও ১৯ বছর। তারা দুজনই খুলনার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষে পড়াশোনা করেন এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে ওই তরুণকে কথা বলতে ও ছবি তুলতে দেখে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। গত সোমবার সকালে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তরুণী একটি ছোট ছুরি দিয়ে সহপাঠীর কোমরের নিচের অংশে আঘাত করেন। এতে তিনি সামান্য আহত হলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দুই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, অভিযুক্ত তরুণী মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে পুলিশকে চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্রও দেখানো হয়েছে, যা ভুক্তভোগী তরুণ আগে থেকেই জানতেন।
ওসি আরও উল্লেখ করেন, আহত তরুণকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হলেও তিনি কোনো মামলা করতে রাজি হননি। পরবর্তীতে দুই শিক্ষার্থীর অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ার পর লিখিত অভিযোগ না থাকায় পুলিশ দুজনকেই তাঁদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়।








