ঢাকা: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না পাওয়ায় দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে সংসদে দেওয়া এক নোটিশে উল্লেখ করা হয়েছে। গ্যাসের নিম্নচাপ, ডিজেল সরবরাহের সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটের কারণে অনেক কারখানাই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না বলে নোটিশে বলা হয়।
এই পরিস্থিতিতে কারখানা চালু রাখা ও জাতীয় অর্থনীতি রক্ষায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার সিদ্ধান্ত চেয়ে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশ দিয়েছে বিরোধী দল। মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এই নোটিশ পেশ করেন।
নোটিশে বলা হয়, তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয় এবং এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি কর্মরত আছেন। উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, এতে শিল্পমালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তিও ঝুঁকিতে পড়ছে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়।
শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। ন্যায্য মজুরি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়কে কেন্দ্র করে শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়সীমা কাজে লাগিয়ে পোশাক খাতের জন্য সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয় নোটিশে। পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান ও প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করে সার্বিক জনস্বার্থে সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনা আয়োজনের আহ্বান জানানো হয়।








