সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার গোপনে দেশে প্রবেশ করে সিলেটের রাতারগুলে বৈঠক করে আবার সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে যুগান্তর। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দলটির এই নেতার ঝটিকা সফর ঘিরে পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে এবং উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে যুগান্তর জানিয়েছে, রঞ্জিত সরকার রাতারগুলের কাছাকাছি লামাপুঞ্জি সীমান্তপথ দিয়ে দেশে ঢুকে পূর্বনির্ধারিত গোপন আস্তানায় যান। সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর ও পিকনিকের কথা বলে প্রায় দেড়শ মানুষকে চারটি বাসে করে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আনা হয়। সেখানে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণের ফাঁকে ব্যানার বদলে তিনি প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে দ্রুত সটকে পড়েন এবং জৈন্তাপুর হয়ে একই পথে ভারতে ফিরে যান বলে তদন্তসংশ্লিষ্টদের বরাতে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে রঞ্জিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এরপর মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ওসির নেতৃত্বে রিসোর্টটিতে তল্লাশি চালানো হয় এবং পরে রিসোর্টের কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সাঁড়াশি অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রায় ৬০ জনকে শনাক্ত করা হয়েছে বলে যুগান্তর জানিয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া রয়েছেন।
পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।








