ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Tajanews24

Published: নভেম্বর 15, 2026, 9:14 পূর্বাহ্ন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন এলাকায় মোট ৩৫ প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে বিজিবি সদস্যরা চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জে তারা শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় অবস্থান করছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানানো হয়েছে।

বিজিবি সদর দপ্তর তার মনিটরিং সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য যন্ত্রের সরাসরি চিত্র এই নজরদারিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখছেন বলে বাহিনীটি জানিয়েছে।