ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে।
হামলার ফলে স্টেশনের কাঠের দরজায় আগুন ধরে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে। কর্মরতরা দ্রুত তৎপর হয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানিয়েছেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।







