চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর সিএমপি অফিসার্স মেস থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি এসআরইউর হেফাজতে রয়েছেন।
সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগের দিন রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের অনুমোদন পাওয়া যায় এবং সেদিন রাতেই সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদনের পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করবে সিএমপির বিশেষায়িত ইউনিট এসআরইউ।
এর আগে প্রাথমিক তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী নিজ কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শফিজুল ইসলাম বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে পুলিশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে। মামলার বিবরণে তাঁর মোবাইল ফোন থেকে পাঠানো কয়েকটি বার্তার উল্লেখ রয়েছে; এর একটিতে ডিসেম্বরে বড় জনসমাবেশের মাধ্যমে আন্দোলন সংগঠিত করার কথা এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে তাঁর বাবার অংশগ্রহণের প্রসঙ্গ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, এসব বার্তা কারা পেয়েছেন, তা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং মামলার বিবরণের পূর্ণাঙ্গ তথ্যও যাচাই করা সম্ভব হয়নি। জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







