গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সোমবার সকালে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে নামলে পুলিশ এই পদক্ষেপ নেয়।
পুলিশ ও স্থানীয়দের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল আটটার দিকে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকেরা সরে গেলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে ১৭টি কারখানা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য কয়েকটি প্রতিবেদনে রোববার থেকে অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কথা বলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানিয়েছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নেওয়ার কথাও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।








