সচিবালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত তিন শতাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে সরকার। কালের কণ্ঠ জানিয়েছে, একই সঙ্গে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে এবং শিগগিরই অন্তত ২৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন আনা হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নজরদারির তালিকায় রয়েছেন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাঁদের অনেকেই আগের সরকারের তিন মেয়াদে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে এসেছেন বলে সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর বিষয়টি সামনে আসে। গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। এরপর গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করেন, যা সরকারের উদ্বেগ আরও বাড়ায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ওই ঘটনার পর গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার এবং জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। এ ছাড়া চুয়াডাঙ্গার ডিসি লুত্ফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, প্রশাসনের প্রায় আট লাখ কর্মকর্তা-কর্মচারীর কার্যক্রম সম্পর্কে প্রতিদিন গোয়েন্দা প্রতিবেদন পাওয়া যাচ্ছে এবং এরই মধ্যে দুই জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে, তাঁদের বিষয়ে তদন্ত চলছে।
মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, বর্তমানে ২১ জেলায় বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তারা ডিসির দায়িত্বে রয়েছেন এবং তাঁদের মাঠ প্রশাসন থেকে সরানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আরও কয়েকটি জেলাসহ সব মিলিয়ে অন্তত ২৫ জেলায় পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে; সম্ভাব্য তালিকায় হবিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, সাতক্ষীরা, ঢাকা, গোপালগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার নাম রয়েছে। নতুন ডিসি নিয়োগে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তারা অগ্রাধিকার পেতে পারেন বলেও সূত্র জানিয়েছে।








