বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসন ও দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রতি পর্যায়ে এক হাজার কোটি টাকা করে এই ঋণ দেওয়া হয়েছে। বিদেশফেরত কর্মীরা মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে এই অর্থ বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এই কর্মসূচিতে গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তৃতীয় পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন এই ঋণ সুবিধা পেয়েছেন। তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।
সংসদে অর্থমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া ‘উদ্যোগ’ কর্মসূচির কথাও তুলে ধরেন। এই কর্মসূচিতে যোগ্য তরুণ উদ্যোক্তারা মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণের পাশাপাশি সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন, অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকার সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে।
এ ছাড়া কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের পুনঃঅর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন, যেখানে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ; জামানত দিলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে।







