কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানবপাচারকারী ও এক ভারতীয় নারীসহ মোট সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) রাতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবি এসব অভিযান পরিচালনা করে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। আটকের বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
আটক ছয় মানবপাচারকারী হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।
এ ছাড়া আটক ভারতীয় নারীর নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। বিজিবি জানিয়েছে, তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








