বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে ৮ জনকে আটক করল বিজিবি

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 9:38 পূর্বাহ্ন

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, সন্দেহজনক অবস্থানের কারণে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং দুজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের যুবক।

বিজিবি সূত্রে জানা গেছে, রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহল দল রোববার গভীর রাতে সীমান্ত পিলার ৬৩ ও ৬৪ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ দূরে অবস্থান করার সময় তাঁদের আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, দলটি এর আগে থানচি উপজেলা হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকার দিকে গিয়েছিল।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাতযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা ও ক্যাম্পিংয়ের তাঁবুসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছে। তবে তাঁদের কারও কাছে সীমান্ত অতিক্রমের বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

আটক ছয়জন হলেন ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার পোস্তগোলার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)। অপর দুজন বান্দরবানের লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০) বলে জানা গেছে।

৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাঁরা কী উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখায় গিয়েছিলেন, তা জানা যাবে বলে বিজিবি জানিয়েছে।