মেলবোর্নের গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের রপ্তানি পণ্য, অংশ নিচ্ছে ১৪ প্রতিষ্ঠান

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 8:06 অপরাহ্ন

অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও নতুন ক্রেতা আকর্ষণের লক্ষ্যে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় ২০টি দেশের ৯০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জার পণ্যসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় অংশ নিচ্ছে; বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় যোগ দিয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই অংশগ্রহণে নতুন ব্যবসায়িক যোগাযোগ, রপ্তানি আদেশ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে।

বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশিদ ও হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও আয়োজকেরাও অনুষ্ঠানে ছিলেন। মেলায় ইপিবির একটি নিজস্ব স্টলে বাংলাদেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা ও তথ্যভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।

মেলার ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত এক বিশেষ সেমিনারে কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্য বৈচিত্র্যায়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে বিস্তারিত ধারণা পান বলে আয়োজকেরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, মেলায় অংশগ্রহণের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি ও পরিচিতি বাড়ানো, নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা। ইপিবি জানিয়েছে, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়ন, নতুন বাজার অনুসন্ধান ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণে তাদের সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।