সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলার আয়োজন বাধ্যতামূলক করার নির্দেশ মাউশির

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 3:38 পূর্বাহ্ন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে বলে বাসস জানিয়েছে।

তালিকাভুক্ত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো চাইলে এর বাইরে অন্য খেলাও আয়োজন করতে পারবে। মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে জানিয়েছেন, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে এসব খেলা পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে কিংবা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে বলে তিনি জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে নেওয়া এই কার্যক্রমের লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণ বাড়ানো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে খেলাধুলা অনেক ক্ষেত্রে মৌসুমি প্রতিযোগিতায় সীমিত থাকলেও এবার বছরব্যাপী নির্দিষ্ট সূচি অনুযায়ী তা আয়োজনের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আধা-সরকারি পত্র পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলা চালুর প্রস্তাব দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাউশিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।