হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন ধরে যাওয়ার পর ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। আরব নিউজের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) আইআরজিসি জানায়, এই জলপথ পাড়ি দেওয়ার সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুটি তেলবাহী জাহাজের একটি হলো ডুবে যাওয়া সুপারট্যাংকারটি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় প্রণালীর দক্ষিণ অংশে অননুমোদিত রুট দিয়ে চলাচলকারী দুটি ট্যাংকার মাইনের আঘাতে বিস্ফোরিত হয় ও তাতে আগুন ধরে যায়। বিবৃতি অনুযায়ী, এর একটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে। তবে জাহাজগুলোর নাম বা মালিকানা কোন দেশের, তা বিবৃতিতে জানানো হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই দাবির বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ বা স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরিবেশগত প্রভাব এখনো অজানা, তবে জাহাজের ক্রুরা নিরাপদ রয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে একটি ট্যাংকারে হামলা নিয়ে ভারতীয় নৌপরিবহন কর্তৃপক্ষের প্রতিবেদন সম্পর্কে তারা অবগত; তবে সেটি আইআরজিসির ঘোষিত ঘটনাই কি না, তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেহরান এই কৌশলগত জলপথে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে এবং সব জাহাজকে অনুমোদিত রুট ব্যবহারের জন্য জোর দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও তেহরান একাধিক জাহাজে মাইনের আঘাতে আগুন লাগার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং ট্যাংকারগুলোর নিরাপদ যাতায়াতে সহায়তা দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন নৌবাহিনী সম্প্রতি দাবি করেছিল, তারা প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে সব মাইন অপসারণ করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে তারা উপসাগরীয় দেশগুলোকে এই পথ দিয়ে ১ দশমিক ৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।








