প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবরের মধ্যেই এ নির্দেশনা এল।
বৈঠক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল থেকে সংসদের অধিবেশন না থাকায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় মনোযোগ দিতে বলেছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং মাঠে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কথাও তিনি বলেছেন।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজের এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে তারেক রহমান বলেন, দীর্ঘদিন প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন তাঁরা। তখন আওয়ামী লীগের পাশে প্রশাসনসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকলেও তারা টিকতে পারেনি। এখন তাদের পাশে কেউ নেই, তাই তাদের কর্মসূচি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই বলেও তিনি মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথম আলো জানিয়েছে, বুধবার বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বৈঠকে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।







