চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণে আতঙ্ক

Published: নভেম্বর 19, 2026, 3:45 পূর্বাহ্ন

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ থাকতেন না। রাতের আঁধারে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা যায় এবং এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায়। ৫ আগস্টের পর থেকে নওফেলের বাসায় একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এটি ছিল পুলিশি অভিযানের অংশ। একই রাতে কোতোয়ালী থানা পুলিশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে প্রথমবারের মতো অভিযান পরিচালনা করে। আ জ ম নাছির আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা সক্রিয় রয়েছেন বলে জানা গেছে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম।

বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নগরীর নিউ মার্কেটের মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে ছাত্রলীগ কর্মীরা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির মিছিলে একটি বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মী আহত হয়েছেন।

এছাড়া আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।