২০২৭ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক তখন থেকে ঋণের ঝুঁকি মূল্যায়নে দুটি নতুন মাপকাঠি ব্যবহার শুরু করবে বলে আইএমএফের কর্মকর্তারা জানিয়েছেন। প্রচলিত ঋণ-জিডিপি অনুপাতের পাশাপাশি এখন দেখা হবে সরকারি রাজস্বের কত অংশ সুদ পরিশোধে যাচ্ছে এবং বাজেট ঘাটতি ও মেয়াদোত্তীর্ণ ঋণ শোধে প্রতি বছর অর্থনীতির আকারের তুলনায় সরকারকে কত অর্থ জোগাড় করতে হচ্ছে।
কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে দুই দিনের ঋণ সম্মেলনে এই পরিবর্তনের কথা জানানো হয়, যা সোমবার শেষ হয়েছে। সম্মেলনে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা অংশ নেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এতে ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের সুদ পরিশোধে গেছে সরকারি রাজস্বের প্রায় ৩০ শতাংশ, আর চলতি অর্থবছরে সুদের বিল পৌঁছাতে পারে প্রায় দেড় লাখ কোটি টাকায়, যা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার। আইএমএফের হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সরকারি ঋণ ছিল ১৮ হাজার ৮৭৯ কোটি ডলার, যা জিডিপির ৪১ শতাংশ; এর মধ্যে দেশের ভেতর থেকে নেওয়া ঋণ ১০ হাজার ১২৪ কোটি ডলার এবং বিদেশি ঋণ ৮ হাজার ৭৫৫ কোটি ডলার।
আইএমএফ ইতিমধ্যে বাংলাদেশকে বহিরাগত ও সামগ্রিক ঋণ-সংকটের মাঝারি ঝুঁকিতে রেখেছে এবং ধাক্কা সামলানোর সক্ষমতা সীমিত বলে জানিয়েছে; এ বছরই ঝুঁকির মাত্রা নিম্ন থেকে মাঝারিতে উন্নীত হয়েছে। নতুন কাঠামোতে কোনো দেশের অনুপাত কেন্দ্রীয় পূর্বাভাসেই ধারাবাহিকভাবে সীমা ছাড়ালে তাকে উচ্চ ঝুঁকিতে ফেলা হতে পারে। সীমাগুলো এখনো প্রকাশ করা হয়নি; দেশের ঋণ বহনক্ষমতা অনুযায়ী তা নির্ধারিত হবে এবং বাংলাদেশকে মাঝারি সক্ষমতার দেশ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব মাত্র দুই শতাংশ পয়েন্ট বাড়লেও ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং প্রয়োজনীয় আর্থিক পরিসর তৈরি হবে। আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে পাওয়া তিন বছরের অতিরিক্ত সময়, বিশেষ করে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে, সংস্কারের একটি সুযোগ এনে দিয়েছে।







