একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

Published: নভেম্বর 18, 2026, 8:46 পূর্বাহ্ন

দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, নদীভাঙন রোধ, খাল ও নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত মোট বাজেটের মধ্যে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পের তালিকায় রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এছাড়া জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলাসহ বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য পৃথক প্রকল্প রয়েছে। একই সঙ্গে পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের কাজও অনুমোদিত হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী ছোট নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে সেচ সক্ষমতা বৃদ্ধি ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে সুরক্ষায় কাজ হবে। ঢাকা শহরের তুরাগ নদী সংরক্ষণ ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড নির্মাণের প্রকল্পটিও অনুমোদনের তালিকায় রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পও সায় পেয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প অনুমোদন পেয়েছে। সড়ক যোগাযোগ অবকাঠামোর মানোন্নয়নে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে, যেগুলো ইতোপূর্বে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প অন্যতম। এ ছাড়া জগন্নাথপুর ও মোহনগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন এবং বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রকল্পের মধ্যে তথ্য দপ্তরের সক্ষমতা বৃদ্ধি, মিরকাদিম গরুর সংরক্ষণ গবেষণা এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্য উন্নয়ন উল্লেখযোগ্য।

তালিকায় থাকা অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ প্রতিবেশ সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর বদলে নতুন কংক্রিট সেতু নির্মাণ এবং পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির নেটওয়ার্ক সম্প্রসারণ। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।