খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত শাধীন জানিয়েছেন।
গত বছর বড়দিন উপলক্ষে এই খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সারসংক্ষেপে এবারও ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অঙ্কের পরিবর্তে ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন।
এই অনুদান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে। আগামী ২৫ ডিসেম্বর উদ্যাপিত হবে বড়দিন ২০২৬। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের প্রতিনিধিরা।







