চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীন যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। বেপজার সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এই কারখানায় ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেপজা জানিয়েছে, নতুন কারখানাটি স্থাপন করা হবে চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের পুরোনো জায়গায়, যা ২০২৪ সালের আগস্টে বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধের পর বেপজা নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনক্রমে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল সেগুলো কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে নতুন করে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে।
কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড, ডাউন, ডেনিম, ক্যাজুয়াল, স্কি ও কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বাজার ধরতে চায়।
জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে সংস্কারকাজ শেষ করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন বলে বেপজার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







