বৈদেশিক মুদ্রা লেনদেনে সন্দেহভাজন অনিয়ম খতিয়ে দেখতে দেশের শীর্ষস্থানীয় ১৬টি বাণিজ্যিক ব্যাংকে বিশেষ পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দলগুলো সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে সরেজমিন কাজ শুরু করেছে।
পরিদর্শনে মূলত নস্ট্রো হিসাবের সমন্বয়ে গরমিল, নিট ওপেন পজিশন (এনওপি) সীমা নিয়ে কথিত কারসাজি এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে বৈদেশিক মুদ্রা লেনদেনে কোনো অনিয়ম হয়েছে কি না, তা শনাক্ত করার চেষ্টা করছেন তাঁরা। পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ১৬টি দল এই পরিদর্শন চালাচ্ছে এবং শিগগিরই তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। দলগুলোকে গত এক মাসের করপোরেট ডিল, আন্তঃব্যাংক লেনদেন, গ্রাহক ফরোয়ার্ড, রেমিট্যান্স ক্রয় এবং পুনর্মূল্যায়ন থেকে পাওয়া মুনাফার তথ্যও সংগ্রহ করতে বলা হয়েছে।
এই পদক্ষেপ এমন সময়ে এল, যখন রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে টাকার দর কমেছে ৪৫ পয়সা; ১৮ নভেম্বর ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সায়, যা ১ নভেম্বর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি প্রায় ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৪ কোটি ডলারে দাঁড়িয়েছে এবং ১ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশের বেশি। বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে এ পর্যন্ত প্রায় ৮০ কোটি ডলার বিক্রি করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।








