রাজধানীর যানজট কমাতে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আগামী দুই মাসের মধ্যে পুরোপুরি সচল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ৫০টি পয়েন্টে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে। নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন লাইট বসানো দেখতে পাচ্ছেন, তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি বলে তিনি জানান। সিগন্যালগুলো সচল হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে সরকার আশা করছে।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালাম বলেন, যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট ও অতিরিক্ত জ্বালানি খরচে দেশে বছরে ৩৭ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর পর আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট লক্ষণীয়ভাবে কমেছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের কয়েকটি রুটে ট্রেন চলছে এবং বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, মনোরেল তুলনামূলক ছোট ও সরু জায়গা দিয়েও চলতে পারে, ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি বা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের সড়ক পর্যন্ত এর রুট সম্প্রসারণ করা সম্ভব।
বিশ্বের অন্যান্য জনবহুল রাজধানীর উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে ছুটির সময় দুই থেকে চার ঘণ্টা যানজট থাকা বড় শহরগুলোতে স্বাভাবিক, বাংলাদেশেও একই চিত্র দেখা যায়। তবে জনভোগান্তি যতটা সম্ভব কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান।








