প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ, ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

Tajanews24

Published: নভেম্বর 18, 2026, 3:03 অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের একেবারে শুরুর দিকে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বুধবার কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেখা আমন্ত্রণপত্রটি প্রেসিডেন্টের হাতে তুলে দেন। দিশানায়েকে সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের শুভেচ্ছা পৌঁছে দেন। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য কমানোর ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন উদ্যোগগুলোও তুলে ধরেন। এর মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২০৩০ সালের মধ্যে দেশের ২০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যের কথা উল্লেখ করা হয়। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগের কথাও তিনি জানান।

কলম্বো সফরে হুমায়ুন কবির শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি অমরসূরিয়া ও পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও সাক্ষাৎ করেন। অমরসূরিয়ার সঙ্গে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে আলোচনা হয় এবং তাঁকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। হেরাথের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা হয়। দুই পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার জন্য বাংলাদেশ–শ্রীলঙ্কা যৌথ পরামর্শক কমিশন গঠনে একটি সমঝোতা স্মারকও সই করে।