নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাস নেতা নিহত

Tajanews24

Published: নভেম্বর 18, 2026, 5:19 অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কালিয়া পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদল নেতা শাহিন মোল্লা (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। শাহিন মোল্লা মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্লার ছেলে এবং সোহেল মোল্লা বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচির বিরোধিতায় বুধবার সন্ধ্যায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন। মিছিলটির ওপর অতর্কিত হামলা চালানো হলে নেতাকর্মীদের মারধর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

হামলায় শাহিন মোল্লা ও সোহেল মোল্লাসহ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান বলে জানা গেছে। আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) রয়েছেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার রাত ১০টার দিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।