দেশের সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Published: নভেম্বর 19, 2026, 4:46 পূর্বাহ্ন

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এই সেলের মাধ্যমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সহায়তায় পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। জেলাগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।