নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুনে দুটি যানবাহনেরই ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায়। দিনাজপুর থেকে খড় নিয়ে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে তিনটার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে খড় নামানোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিনজন ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে গেছে।
চালক ট্রাকটি বাঁচাতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ট্রাকে থাকা খড়ের বড় অংশ পুড়ে যায় এবং ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়; তবে চালক ও তাঁর সহকারী নিরাপদে ছিলেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায়। ঢাকা-লাকসাম রুটের তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী ওঠানোর জন্য দাঁড়ালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি; তবে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা পৃথক দুটি স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কোনো যাত্রী হতাহত হননি, পুড়ে যাওয়া বাসটি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সোনারগাঁ থানা-পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।






