দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৭৫৫ জন। এছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করে আসছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০২৩ সালে, সেবার ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন। গত বছর মৃত্যু হয়েছিল ৪০০ জনের বেশি এবং আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
চিকিৎসকরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার করা এবং জ্বর হলে দেরি না করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।








