চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসা একটি বিদেশি জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনতারা নিউজের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমা থেকে কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।
শুক্রবার বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোডারেল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এসব তথ্য জানান বলে কালের কণ্ঠ ও বাংলা ট্রিবিউন জানিয়েছে। তিনি বলেন, জ্বালানি নেওয়ার জন্য বেলাওয়ান জলসীমায় অবস্থান নেওয়া জাহাজটির অস্বাভাবিক গতিবিধি টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যদের নজরে আসে। নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং পরে নথিপত্র ও পণ্যে অসংগতি পাওয়ায় তল্লাশি চালানো হয়।
ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৫টি কনটেইনারে পাওয়া গেছে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। আনতারা নিউজ আরও জানিয়েছে, জাহাজটিতে কয়েক লাখ ফোরজি এলটিই ব্ল্যাংক সিম কার্ডও পাওয়া গেছে এবং পরে জাহাজটিকে পাহারা দিয়ে তীরে নিয়ে আসা হয়।
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক, যা রকেট প্রপেলান্ট ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশের টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পেও এই রাসায়নিকের ব্যবহার রয়েছে, তবে উচ্চমাত্রার জারক হওয়ায় এর আমদানিতে বেশ কিছু বিধিনিষেধ মানতে হয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির নথিতেও অসংগতি পাওয়া গেছে—নথিতে আইএমও নম্বর ৮৩৫৬৯৬২ উল্লেখ থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত হিসেবে শনাক্ত হয়েছে। জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।








