প্রথম দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, আলোচনায় জলবিদ্যুৎ ও ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য

Tajanews24

Published: নভেম্বর 22, 2026, 12:48 অপরাহ্ন

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার নয়াদিল্লি পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২২ ও ২৩ নভেম্বরের এই সফরটি দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভারত সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি রাষ্ট্রীয় সফর এবং তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।

দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, বালেন্দ্র শাহ রোববার বিকেলে নেপাল এয়ারলাইনসের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকরসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। সোমবার সন্ধ্যায় তাঁর কাঠমান্ডু ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৈঠকে উন্নয়ন সহযোগিতা, জ্বালানি সম্পর্ক, যোগাযোগসহ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে।

নেপালের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা রাজন ভট্টরাই সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, জলবিদ্যুৎ সহযোগিতা, আন্তঃসীমান্ত যোগাযোগ এবং দীর্ঘদিন ঝুলে থাকা বিশিষ্ট ব্যক্তিদের দলের (ইপিজি) প্রতিবেদনের বিষয়ে অগ্রগতি চায় কাঠমান্ডু। তাঁর মতে, আগে সম্মত প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবকাঠামো উন্নয়নের মতো নতুন ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো যেতে পারে।

এই সফরের আলোচনায় বাংলাদেশের স্বার্থও জড়িয়ে আছে। রাজন ভট্টরাই জানিয়েছেন, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তাঁর ভাষ্য, বাংলাদেশ নেপাল থেকে বড় পরিমাণে বিদ্যুৎ আমদানি করতে চায়; তবে দুই দেশের মধ্যে সরাসরি স্থলসীমান্ত না থাকায় সেই বিদ্যুৎ ভারতের ভেতর দিয়েই সরবরাহ করতে হবে। ফলে দিল্লি-কাঠমান্ডু আলোচনার অগ্রগতি ঢাকার জন্যও গুরুত্বপূর্ণ।