গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে বারবার অগ্নিসংযোগের হামলা বন্ধের আহ্বান জানিয়ে দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, চলতি মাসে দেশজুড়ে ব্যাংকটির প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা হামলা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা হচ্ছে এবং হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ২৩ নভেম্বর তারিখের অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ব্যাংকের শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে বলে আল জাজিরা জানিয়েছে। ইউনূস বলেছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে, ঊর্ধ্বতন কোনো পর্যায় থেকে হামলাকারীদের প্রতিদিন এ ধরনের হামলা চালাতে নির্দেশ দেওয়া হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন।
বিবৃতিতে ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংকের মালিক মূলত দরিদ্র নারী ঋণগ্রহীরা। ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীরা এবং বাকি ১০ শতাংশ সরকারের। তিনি বলেছেন, ‘এই দরিদ্র নারী ঋণগ্রহীরাই গ্রামীণ ব্যাংকের মালিক। তাই এই ব্যাংকের ওপর হামলা সরাসরি তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।’ নিজের কোনো শেয়ার নেই এবং ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকের পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানিয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী শাখায় একদল লোক হামলা চালিয়ে প্রায় তিন দশকের নথিপত্র ধ্বংস করে, ভাউচারসহ প্রায় ৪০ বস্তা কাগজপত্র পুড়িয়ে দেয় এবং ভল্ট কাটার চেষ্টা করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদ আল জাজিরাকে বলেছেন, প্রতিষ্ঠানটির প্রায় ২১ হাজার কর্মী রয়েছে এবং সহিংসতায় কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে; যেসব শাখা চালু রাখা যাচ্ছে না, সেখানে বকেয়া ঋণের সুদ ধার্য করা স্থগিত রাখা হয়েছে। ইউনূসের বিবৃতিতে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায় হামলার কথাও উল্লেখ করা হয়েছে।
ইউনূস জানিয়েছেন, ১ কোটি ১০ লাখ মালিক, কর্মী ও গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা এবং দরিদ্র নারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো নিরাপত্তা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে গ্রামীণ ব্যাংক। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সব অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরা জানিয়েছে, সরকার এসব হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে; পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।








