ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক এমপি নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নামে মামলা

Tajanews24

Published: নভেম্বর 22, 2026, 9:29 অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন।

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেছেন। ওসি রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। নিক্সন চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তাঁর আসন ফরিদপুর-৪ এলাকায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা রয়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে মোটরসাইকেলে ভাঙ্গার দিকে যাওয়ার পথে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আসামিরা রাজু মোল্লার গতিরোধ করেন। এজাহারে বলা হয়েছে, প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও একটি চলন্ত বাস ভাঙচুরের অভিযোগও এজাহারে আনা হয়েছে। গুরুতর আহত রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত নয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৫ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।