অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের ক্ষেত্রে টানা দুই বছর ধরে সব দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার এ তথ্য জানিয়েছেন বলে ঢাকা ট্রিবিউন জানিয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিলার জানান, ডিসেম্বরের শুরুতে ইইউর ২৭টি সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের সঙ্গে অভিবাসন সহযোগিতা নিয়ে আলোচনায় বসবেন। ওই বৈঠকের এজেন্ডায় দেশভিত্তিক একমাত্র আলোচ্য বিষয় হবে বাংলাদেশ। টিওবি নিউজ জানিয়েছে, রাষ্ট্রদূতের ভাষায়, এই আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনিয়মিত সীমান্ত অতিক্রম ও প্রবেশের সংখ্যায় বাংলাদেশ এখন ইইউর শীর্ষ উৎস দেশে পরিণত হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অনেক বাংলাদেশি মানব পাচারকারী ও দালালদের খপ্পরে পড়েন। কোনো কোনো মধ্যস্বত্বভোগী ওমরাহ ভিসার অপব্যবহার করেন কিংবা কর্মীদের চুক্তির মেয়াদ শেষে থেকে যেতে উৎসাহিত করেন, ফলে তাঁরা শোষণ ও প্রতারণার ঝুঁকিতে পড়েন। এ অবস্থায় দালাল ও মধ্যস্বত্বভোগীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।
একই সঙ্গে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথা জানান মিলার। তিনি বলেন, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে একটি কার্যকর ব্যবস্থা নিয়ে আগামী জানুয়ারিতে ঢাকায় আলোচনা হবে।
এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে লড়াইয়ের জন্য বাংলাদেশি নাগরিকদের নিয়োগের ঘটনায় বিস্ময় প্রকাশ করে মিলার এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।








