সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 12:03 অপরাহ্ন

সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা এবং এ ধরনের ঘটনায় মৃত্যু কমানোর লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, প্রকল্পটির আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) শক্তিশালী করে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) উন্নীত করা হবে।

‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করা হবে। বাসসের প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা, যার পুরো অর্থায়নই করবে সরকার।

প্রকল্পের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে আধুনিক সরঞ্জামসমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর একটি জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র গড়ে তোলা। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ ও বিষবিদ্যাসংক্রান্ত গবেষণা হবে। এর পাশাপাশি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার স্থাপন, সাপের কামড়ের চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে ডিপিপিতে উল্লেখ করা হয়েছে।

ডিপিপিতে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। বাসস জানিয়েছে, বাংলাদেশে এখন ভারত থেকে আমদানি করা অ্যান্টিভেনম ব্যবহার করা হয়, যা মূলত সে দেশের চারটি প্রধান বিষধর সাপের—‘বিগ ফোর’ নামে পরিচিত প্রজাতিগুলোর—বিষের বিরুদ্ধে তৈরি। ফলে দেশের নিজস্ব বিষধর সাপের ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চন্দ্রবোড়া সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরিতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করলেও পর্যাপ্ত অর্থের অভাবে উদ্যোগটি এখনো সম্পূর্ণ করা যায়নি।

ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বাসসকে জানান, দেশীয় অ্যান্টিভেনম তৈরির উদ্দেশ্যে ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। তবে ২০২৪ সালে ওই কর্মসূচি বন্ধ হয়ে গেলে কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তিনি বলেন, নতুন অনুমোদিত প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে। প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।