পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় এই পরীক্ষামূলক সরবরাহের সময় প্রতি ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে গেছে বলে জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফার সরবরাহ শুরু হয় এবং মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে তা বন্ধ করা হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে সরবরাহ প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল। এ সময়ে গ্রিডে যাওয়া বিদ্যুতের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।
দ্বিতীয় দফার সরবরাহ শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এনপিসিবিএল জানিয়েছে, এখন সরবরাহকালে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেছেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর ভাষ্য, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে তা দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








