উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি রাজধানীর শাহবাগে অবস্থিত দেশের একমাত্র সরকারি সুপার স্পেশালাইজড হাসপাতাল। ১ হাজার ৮৬৮ কোটি টাকায় দেশি ও বিদেশি ঋণে নির্মিত হাসপাতালটি পুরোপুরি চালু করতে নতুন করে ১ হাজার ৪১০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এ বিষয়ে লিখিত আবেদন তুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আবেদনপত্রটি হস্তান্তর করেন হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২২ সালে যাত্রা শুরুর সময় প্রতিশ্রুতি ছিল—জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই স্বল্প খরচে বিশ্বমানের সেবা মিলবে, যার মধ্যে কিডনি ও লিভার প্রতিস্থাপন, ক্যানসার ও কার্ডিওলজির উন্নত চিকিৎসা অন্যতম। কিন্তু জনবল সংকটে সেই প্রতিশ্রুতির বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। পূর্ণাঙ্গ সেবার জন্য ২ হাজার ৭০০ জনের বেশি জনবল প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত আছেন ৩০০ জনেরও কম, অর্থাৎ প্রায় ৯০ শতাংশ পদ শূন্য। প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর প্রায় ৮০ শতাংশ একবারও ব্যবহার করা হয়নি বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, নতুন বরাদ্দ পেলে লিভার ও কিডনি প্রতিস্থাপন, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসা, অনকোলজি, বন্ধ্যাত্ব এবং নারী, মাতৃ ও শিশু চিকিৎসার কেন্দ্রগুলো আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক-নার্স-টেকনোলজিস্ট দিয়ে সাজানো হবে। অবকাঠামো খাতে কেবিন ও ওয়ার্ড সংস্কার, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, ল্যাব সংস্কার ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। মোট চাওয়া অর্থের পরিমাণ ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকার বেশি বলে আবেদনে জানানো হয়েছে।
সরকারি ব্যবস্থাপনার সীমাবদ্ধতা কাটাতে হাসপাতালটিকে করপোরেট আদলে চালানোর উদ্যোগও নিয়েছে বিএমইউ। সংশ্লিষ্টদের ভাষ্য, কোম্পানি আইনের আওতায় এটি পৃথক কোম্পানি হিসেবে পরিচালিত হবে, যেখানে মালিকানার ৯০ শতাংশ থাকবে বিএমইউর হাতে ও ১০ শতাংশ সরকারের, এবং পরিচালনার দায়িত্বে থাকবে আলাদা পরিচালনা পর্ষদ।







