সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন হিসেবে আলোচিত জাহাঙ্গীরের ভাগনে মো. মাসুদুর রহমান শিপনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন বলে কালের কণ্ঠ জানিয়েছে।
শিপন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে আলোচিত জাহাঙ্গীরের ভাগনে এই শিপন এবং ঢাকা শহরকে অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে রাষ্ট্রপক্ষের দাবি।
মামলার তদন্ত কর্মকর্তা শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনের পক্ষে শুনানি করেন এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে টাইমস অব বাংলাদেশ (টিওবি) জানিয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সমবেত ব্যক্তিরা স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন এবং সে সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ অক্টোবর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। তদন্তে ওই ঘটনায় শিপনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত এবং পলাতক আসামিদের পরিচয় নির্ধারণে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) যাচাই করে শিপনের বিরুদ্ধে আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে বলা হয়েছে।








