আগামী ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে বছরব্যাপী নিবিড় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে দৈনিক সমকালের সভাকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের যৌথ আয়োজক ছিল মেরী স্টোপস বাংলাদেশ ও দৈনিক সমকাল। বৈঠকে দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীদের পরিবার পরিকল্পনা সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। তিনি বলেন, মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে।
বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনার সামগ্রী পৌঁছে গেছে। আধুনিক যুগে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী নারী স্বাস্থ্যের জন্য একটি বিশেষায়িত ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক সংস্কার বা ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি। বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার এবং আলোচক হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরাসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।








