ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হবে বলে বুধবার আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানিয়েছে, কেন্দ্রটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এই বার্ষিক কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছিল। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।
গোড্ডার কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে এবং এখানে উৎপাদিত পুরো বিদ্যুৎই বাংলাদেশে রপ্তানি করা হয়। স্বাভাবিক অবস্থায় কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।
একটি ইউনিট বন্ধ থাকলেও কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে, তবে এ সময়ে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিটগুলোর দীর্ঘমেয়াদি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে নিয়মিত বিরতিতে এ ধরনের রক্ষণাবেক্ষণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি, সেই চুক্তির আওতায় গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।







