প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ব্যবসা, শিল্প-কারখানা কিংবা অন্য কোনো উদ্যোগ গড়ে তুলতে বিদেশফেরত কর্মীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটির তথ্য অনুযায়ী, মেয়াদি, চলতি ও তলবি—এই তিন ধরনের ঋণের মাধ্যমে বৈধ ব্যবসায় বিনিয়োগের সুযোগ রয়েছে।
ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬৬ জন বিদেশফেরত কর্মীকে মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। বার্ষিক ৯ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধ করা যাবে বলে ব্যাংকটি জানিয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহ দিতে সুদের ওপর ১ শতাংশ ভর্তুকি চালু হয়েছে। ফলে যাঁরা নিয়মিত কিস্তি পরিশোধ করবেন, তাঁদের কার্যকর সুদের হার দাঁড়াবে ৮ শতাংশে।
ঋণের শর্ত অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না; এর বেশি ঋণের জন্য সহজামানত প্রয়োজন হবে। আর ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে। প্রসেসিং ও ডকুমেন্টেশন ফি হিসেবে ঋণের ০ দশমিক ৫০ শতাংশ দিতে হবে, তবে এই খাতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নেওয়া যাবে; এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে এবং আলাদা কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে ঋণ ছাড় করা হয় বলে ব্যাংকটি জানিয়েছে।
আবেদন করতে হবে যে এলাকায় ব্যবসা বা প্রকল্প গড়ে তোলা হবে, সেখানকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায়। আবেদনের সঙ্গে আবেদনকারীর ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানার সনদ এবং বিদেশ থেকে ফেরার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি হালনাগাদ ট্রেড লাইসেন্স, প্রকল্পের বিবরণ ও ঠিকানা, আগের দুই বছরের আয়-ব্যয়ের হিসাব এবং নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র প্রয়োজন হবে। জামিনদার হিসেবে মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, নিকটাত্মীয় বা ঋণ পরিশোধে সক্ষম অন্য কোনো সচ্ছল ব্যক্তিকে রাখা যাবে; জামিনদারের সরকারি চাকরিজীবী হওয়া বাধ্যতামূলক নয়, তবে তাঁর সিআইবি প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।








