কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ভোরে ককটেল নিক্ষেপের পর বিকেলে কারারক্ষীদের আবাসিক কোয়ার্টারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দফা বিস্ফোরণে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। তাদের মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এরপর বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। টিওবি নিউজ জানিয়েছে, কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি গাছে লেগে জেল সুপারের বাসভবনের পাশে কারারক্ষীদের আবাসিক ভবনের চালের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ সময় বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে আবাসিক এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কারাগারের দক্ষিণ পাশে জেলখানা মোড় এলাকার একটি ফাঁকা জায়গা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারারক্ষী তরিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্রামের সময় বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন এবং টেপ দিয়ে মোড়ানো বোমাটি গাছ ও চালের ওপর পড়তে দেখেন। জেল সুপার মো. শরিফুল আলম জানিয়েছেন, গাছের ডালপালা ও পাতা থাকায় বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ মোড়ানো একটি প্লাস্টিকের বস্তু উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, ভোরের ঘটনায় ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিকেলের ঘটনার পরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ ও কারা কর্তৃপক্ষ জানিয়েছে।








