বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 6:01 অপরাহ্ন

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে তিনি জানান। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে তিনি আহ্বান জানান। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো আরও বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

সরকারপ্রধান জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিদেশে কাজের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রথম দলের কর্মীদের নির্বাচন করা হয়েছে। তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন; আবাসন ও চিকিৎসা সুবিধা দেবে নিয়োগকর্তা। ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে পাঠানোর কথা রয়েছে।