ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 4:21 পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতির পথ কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। মেহের বার্তা সংস্থার বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ তুলে প্রতিপক্ষরা ইরানের বৈজ্ঞানিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এসলামি জানান, নতুন এই বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। উন্নত প্রযুক্তিতে ইরানের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, পারমাণবিক প্রযুক্তি মানবজাতির গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন এবং আন্তর্জাতিক সুস্পষ্ট নিয়ম ও বিধিবিধান মেনেই এর ব্যবহার হওয়া উচিত।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার ও বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে একটি দেশের শক্তি ও কর্তৃত্ব বাড়ে। স্বাধীন দেশগুলোর জন্য এই সুযোগ সীমিত রাখার দীর্ঘ ইতিহাস বিশ্বশক্তিগুলোর রয়েছে বলেও তিনি মন্তব্য করেন এবং এ ক্ষেত্রে ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন ও নীতির কথা উল্লেখ করেন। তাঁর দাবি, প্রতিপক্ষরা চায় না এসব সক্ষমতা ইরানি জনগণের হাতে পৌঁছাক।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে শক্তিধর দেশগুলোর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে এসলামি বলেন, তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি দিতে না পারলে প্রতিপক্ষ নানা অভিযোগ সামনে এনে অগ্রগতি থামানোর চেষ্টা করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়—এমন অভিযোগও সেই প্রচেষ্টার অংশ বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত বিভিন্ন তথ্য ও নথি থেকে এসব প্রচারণার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে।

এসলামি বলেন, পারমাণবিক প্রযুক্তি বৈজ্ঞানিক কর্তৃত্ব ও জাতীয় সম্পদ সৃষ্টির প্রতীক, আর গবেষণার ফল দ্রুত পণ্য ও সেবায় রূপান্তর করা তাঁর সংস্থার অন্যতম লক্ষ্য। কৃষিতে বিকিরণ প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো গেলে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির সুযোগও তৈরি হবে এবং আমদানিনির্ভরতা কমবে।