উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিবিআর বাস্তবায়নের আহ্বান

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 1:18 পূর্বাহ্ন

দেশের উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর) কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

‘উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অন্তর্ভুক্তিতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর)’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)। এতে সহযোগিতা করে দাতা সংস্থা লিলিয়ান ফন্ডস। আসন্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস সামনে রেখে কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। কৃষি থেকে শুরু করে শিল্প ও রপ্তানিমুখী খাতসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা। এ ক্ষেত্রে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবার, সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। কর্মশালায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নে সমান সুযোগ সৃষ্টির দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং সভাপতিত্ব করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। কর্মশালায় সিরডাপের সদস্যভুক্ত দেশগুলোতে সিবিআর পদ্ধতির বাস্তবায়ন জোরদার করতে সিডিডির কর্মকর্তারা ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন। এ সময় উন্নয়নকর্মীরা বাংলাদেশে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন ও উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।